২০১৩ সালে পলাশ মাহমুদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় কনশাস কনজিউমারস সোসাইটি (সিসিএস) — বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান ও সক্রিয় ভোক্তা অধিকার সংগঠন। প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হিসেবে তিনি সংগঠনের সার্বিক নীতি নির্ধারণ, কর্মসূচি পরিকল্পনা, সাংগঠনিক সম্প্রসারণ এবং জাতীয় পর্যায়ে ভোক্তা অধিকার আন্দোলন পরিচালনার দায়িত্বে রয়েছেন।
বর্তমানে সিসিএস দেশের ৬১টি জেলা ও ৩৩৫টি থানায় এবং প্রায় ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে ভোক্তা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। প্রায় ২ লাখ তরুণ স্বেচ্ছাসেবক এই আন্দোলনের প্রাণশক্তি। সংগঠনটি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের (ডিএনসিআরপি) সঙ্গে সমন্বয় করে দেশজুড়ে সচেতনতা, প্রশিক্ষণ ও তদারকিমূলক কার্যক্রম চালায়।
প্রতিষ্ঠার পর ১২ বছরে সিসিএস ২০০-এরও বেশি সম্মেলন, কর্মশালা ও ক্যাম্পেইন সম্পন্ন করেছে। ভোক্তাস্বার্থ রক্ষায় সংগঠনটি উচ্চ আদালতে একাধিক রিট দায়ের করেছে এবং নিরাপদ খাদ্য, ন্যায্যমূল্য ও ভেজালবিরোধী নানা উদ্যোগে ভূমিকা রেখেছে। পাশাপাশি স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ, পণ্যের ল্যাব টেস্ট, গবেষণা ও নীতিনির্ধারণী পর্যায়ে ভোক্তার কণ্ঠস্বর পৌঁছে দেওয়ার কাজ অব্যাহত রেখেছে।